ফেসবুক পোস্টে ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল ইসলাম খান

ফেসবুক পোস্টে ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।


আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) আবিদুল ইসলাম খান ফেসবুকে প্রকাশিত নিজের স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।


পোষ্টে তিনি উল্লেখ করেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”


আবিদুলের এই পোস্টের আগেই অন্তত তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বড় ব্যবধানে এগিয়ে আছেন।


দিনভর ভোট সংঘর্ষ ছাড়াই সম্পন্ন হলেও প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগও উঠেছে। ভোটে কারচুপির অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী।


এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৬২ জন নারী প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ২০,৮৭৩ এবং ছাত্রী ১৮,৯০২। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে।



Advertisement
Home