জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১ হলের ২২৪ বুথে ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে প্রায় ১ হাজার ২০০ পুলিশ।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ফটক ও ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে নির্বাচনের দিন পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য ক্যাম্পাসের নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী ভোটকেন্দ্র ও হলে দায়িত্ব পালন করবে। এছাড়া ২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনীর কাছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করবে এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করবে। তবে সেনাবাহিনী এখনো সিদ্ধান্ত জানায়নি।
এবারের নির্বাচনে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন রয়েছেন।
ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন। ওএমআর ব্যালটে টিকচিহ্ন দিয়ে ভোট প্রদান করতে হবে। সব ভোট গণনা করা হবে বিশেষ ওএমআর মেশিনে।
সিনেট হলে বড় স্ক্রিনে সবগুলো হলের ভোট সরাসরি পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মনিটর বসানো হবে, যেখানে প্রতি ঘণ্টায় ভোটের অগ্রগতি ও ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে ওএমআর ব্যালটে ভোট দেওয়ার নির্দেশনা ভিডিও প্রকাশ করা হবে।