জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ও অনশনের প্রেক্ষিতে এই তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
জকসুর রোডম্যাপ অনুযায়ী, ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ৪৮ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। রোডম্যাপে মনোনয়ন জমা, মনোনয়ন বাছাই, ভোটার তালিকা প্রকাশ ও সংশোধন, নির্বাচনী প্রচার এবং ভোটগ্রহণসহ সব কার্যক্রম বিস্তারিতভাবে নির্ধারিত আছে।
নির্বাচনের দাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জবির রফিক ভবনের নিচে অনশনে বসেন জবি ছাত্র অধিকার পরিষদের নেতা একেএম রাকিব, সাংগঠনিক সম্পাদক অপু মন্সী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জবি শাখার নেতা ফয়সাল মুরাদ, সদস্য সচিব শাহীন মিয়া ও মুখ্য সংগঠক ফেরদৌস শেখ। টানা ২৭ ঘণ্টা অনশনের পর অসুস্থ হয়ে পড়েন দুই শিক্ষার্থী, তাদের স্যালাইন দেওয়া হয়। অনশনস্থলে শাখা ছাত্রদল, শিবির, আপ বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।
শিক্ষার্থীদের দাবি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে:
১. শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর করার সময়সীমা নির্ধারণ,
২. জকসু নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়ন,
৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি, স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন।