রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পুরো প্রক্রিয়া থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে।
রবীন্দ্র ভবনে তিনটি মেয়েদের হল—তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলে ভোট হবে আলাদা কক্ষে। এছাড়া জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে শহীদ হবিবুর রহমান হল ও শহীদ শামসুজ্জোহা হলের ভোটগ্রহণ হবে। জামাল নজরুল বিজ্ঞান ভবনে বিজয়-২৪ ও নবাব আব্দুল লতিফ হলের ভোট হবে।
সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে শের-ই বাংলা ফজলুল হক হল ও মতিহার হলের ভোট, জগদীশ চন্দ্র একাডেমিক ভবনে মাদার বখশ হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভোট অনুষ্ঠিত হবে। জুবেরী ভবনে সৈয়দ আমীর আলী হল এবং শাহ মখদুম হলের ভোটগ্রহণ হবে পৃথক কক্ষে।
ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা সম্পন্ন হবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে। পুরো প্রক্রিয়াই সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন কমিশনার অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান।
তিনি আরও বলেন, “রাকসু নির্বাচনে ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্র ও ৯৯০টি বুথ থাকবে। ভোট গণনার কাজ কোষাধ্যক্ষ কার্যালয়ে সম্পন্ন করা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।”
উল্লেখ্য, গত ২৮ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী প্রচারণা আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত চলবে।