আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) ঘটতে যাচ্ছে ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ। পঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে সংঘটিত এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা না গেলেও নিউজিল্যান্ড, মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অঞ্চল থেকে দৃশ্যমান হবে।
পঞ্জিকা মতে, আজ রাতে পৃথিবীর আকাশে দেখা দেবে বছরের শেষ সূর্যগ্রহণ। চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে পড়ে, তখন সূর্য আংশিকভাবে ঢেকে যায়। অমাবস্যার সময়ে এই মহাজাগতিক ঘটনা ঘটে থাকে।
আইএসপিআর সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। গ্রহণের স্থায়িত্ব প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
তবে বাংলাদেশ থেকে গ্রহণ দৃশ্যমান হবে না। এটি দেখা যাবে মূলত নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার আকাশে।
গ্রহণের কেন্দ্রীয় গতিপথ শুরু হবে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর-পূর্বে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিটে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্রের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে। এরপর বিকেল ৫টা ৪৮ মিনিটে এটি শেষ হবে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের উত্তর-পশ্চিমে।
আজকের সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫, যা আংশিক গ্রহণ হিসেবে দৃশ্যমান হবে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে।