পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

তিন মার্কিন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে ও জন এম. মার্টিনিসকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

তাঁরা কোয়ান্টাম মেকানিক্সের “টানেলিং” বা কণার সুড়ঙ্গ প্রভাব বিষয়ে যুগান্তকারী অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন বলে নোবেল কমিটি উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন আল জাজিরা।

একাডেমির বিবৃতির তুলে প্রতিবেদনে বলা হয়েছে, “এই বছরের পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ীদের গবেষণা কোয়ান্টাম প্রযুক্তির পরবর্তী প্রজন্মের উন্নয়নের পথ উন্মুক্ত করেছে—যার মধ্যে রয়েছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম সেন্সর।”

তিনজনই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তাঁদের মধ্যে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের পুরস্কার অর্থ ভাগ করে দেওয়া হবে।

উল্লেখ্য, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। অতীতে আলবার্ট আইনস্টাইন, পিয়েরে ও মেরি কুরি, ম্যাক্স প্ল্যাঙ্ক এবং নিলস বোরের মতো বিজ্ঞানীরা এই পুরস্কার পেয়েছিলেন, যারা আধুনিক বিজ্ঞানের ইতিহাসে অনন্য স্থান দখল করে আছেন।






Advertisement
Home