২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে মেনে না নিলে শাহবাগ অবরোধ করা হবে।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন তারা। তবে সচিবালয়ে যাওয়ার পথে হাইকোর্টের ফটকে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে সারারাত অবস্থান কর্মসূচি ও বুধবার দুপুর পর্যন্ত আল্টিমেটাম ঘোষণা করেন শিক্ষকরা।
এর আগে দুপুরে আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের কাছে তাদের তিনটি মূল দাবি রয়েছে—
১. ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি,
২. ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান,
৩. কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা ঘোষণা।
তারা বলেন, দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান করবেন না।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, “আমরা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। এখন একটাই কথা—প্রজ্ঞাপন দিতে হবে। দাবি পূরণ ছাড়া আর কোনো আলোচনা নয়।”
আন্দোলনকারীরা জানান, তারা প্রথমে শিক্ষা উপদেষ্টার আলোচনার আহ্বান নাকচ করলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে বিকেল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি স্থগিত রেখেছিলেন।
তবে বিকেলে নতুন করে ঘোষণা দেন—দাবি না মানলে বুধবার দুপুরের পর শাহবাগ অবরোধ করা হবে এবং আন্দোলন আরও বিস্তৃত করা হবে।