বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন (সকল কোর্স) নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তি সময়ে পূরণকৃত অনলাইন রেজিস্ট্রেশন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।
অন্যদিকে, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে কাউন্সিলের সফটওয়্যারে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করে স্ক্যানকৃত কাগজপত্র (এসএসসি ও এইচএসসি সনদ ও ট্রান্সক্রিপ্ট, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ফলাফল, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন ইত্যাদি) jpg বা pdf ফরমেটে আপলোড করতে হবে। প্রতিটি ফাইলের সাইজ ১০০ KB এর বেশি এবং ১ MB এর কম হতে হবে।
এছাড়া অনলাইনে পূরণকৃত নিবন্ধন ফরম শিক্ষার্থীরা প্রিন্ট করে স্বাক্ষরসহ অধ্যক্ষের নিকট জমা দেবে। তথ্যগত ভুল বা অসম্পূর্ণ নিবন্ধন ফরমের দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। অকৃতকার্য শিক্ষার্থীকে কোনো সরকারি বা বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হবে না।
সকল কোর্সের শিক্ষার্থী নিবন্ধন ফি জন প্রতি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফি প্রাইম ব্যাংকের শাখার মাধ্যমে “বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল” এর অনুকূলে জমা দিতে হবে। অনলাইন ফরম পূরণ ও জমার শেষ সময় ৫ অক্টোবর ২০২৫ বিকাল ৪টা পর্যন্ত এবং প্রেরণের শেষ তারিখ ৯ অক্টোবর ২০২৫।
সহায়তার জন্য কাউন্সিল কর্তৃক নির্ধারিত মোবাইল নম্বরে (০১৫৫০৬৯৯৩০০, ০১৫৫০৬৯৯৩০১) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।