শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ দেশের সব কারিগরি, মাদরাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব পলিটেকনিক, মেরিন, কৃষি, বনবিদ্যা, মৎস্য, পশুপালন, বিএম প্রতিষ্ঠান ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করতে হবে এবং তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান, অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
একইভাবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডও দেশের সব মাদরাসার অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটিকে মিলাদ মাহফিল ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে। নির্দেশনায় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন ও ধর্মীয় মর্যাদা রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এ বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। ফলে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সাধারণ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে। পূর্বে ৫ সেপ্টেম্বর নির্ধারিত ছুটি পরিবর্তন করে শনিবার (৬ সেপ্টেম্বর) করা হয়েছে।