ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে উর্দু, সংস্কৃত ও পালি-বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে শূন্য আসন পূরণের জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর।
কলা অনুষদের ডিন অফিস থেকে জানানো হয়েছে, উর্দু বিভাগে ২৯টি, সংস্কৃত বিভাগে ৩২টি এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগে ২৫টি শূন্য আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে কলা অনুষদের নিচতলার সভাকক্ষে। মানবিক শাখার শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের সকাল ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে।
মেধাক্রম অনুযায়ী ডাকা হয়েছে মানবিক শাখায় ২০২৫ থেকে ২৪৫০, বিজ্ঞান শাখায় ১৪৩৪ থেকে ১৭০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৫৮৪ থেকে ৮৫০ পর্যন্ত।
বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, সাক্ষাৎকারে উপস্থিত হওয়া ভর্তির নিশ্চয়তা নয়। নির্ধারিত আসন পূর্ণ হয়ে গেলে সাক্ষাৎকার কার্যক্রম বন্ধ হয়ে যাবে। শিক্ষার্থীদের মূল প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র, ডাউনলোডকৃত ভর্তির ফরম এবং পছন্দক্রম ফরম (২ কপি) সঙ্গে আনতে হবে।
এছাড়া, মূল গ্রেডশিট জমা দেওয়ার আগে শিক্ষার্থীদের অন্তত ১০টি ফটোকপি নিজের কাছে সংরক্ষণ করতে বলা হয়েছে। ভর্তি হওয়ার পর বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।