ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ প্রার্থীদের প্রচারণার সময় সাইবার বুলিং বা অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রচারণাকালে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং এবং ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে ছাত্রী প্রার্থীদের ক্ষেত্রে নানাভাবে সাইবার হয়রানি ঘটছে, যা মানবাধিকারের পরিপন্থী।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, যদি কারো বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ প্রমাণিত হয়, তবে ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপও গ্রহণ করা হবে।
রিটার্নিং কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন—ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সাইবার বুলিং বা অপপ্রচারের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।