প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে মন্ত্রণালয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন একটি মোবাইল নম্বর (০১৮৫১-২৭৪৫৬৫) থেকে বিভিন্ন কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে কল করছে। তারা সচিব পরিচয়ে জানাচ্ছে যে মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়া হবে। এ সময় কর্মকর্তাদের কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হচ্ছে।
প্রকৃতপক্ষে মন্ত্রণালয় থেকে কোনো আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয় নেই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়— কেউ যেন এ ধরনের কল বা বার্তায় প্রতারিত না হন এবং কোনো স্পর্শকাতর তথ্য প্রদান না করেন।
এ ছাড়া উল্লিখিত নম্বর বা অন্য কোনো নম্বর থেকে একই ধরনের যোগাযোগ হলে তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি, প্রতারণামূলক কল পেলে বিভ্রান্ত না হয়ে মন্ত্রণালয়ে অথবা নিকটস্থ থানায় অভিযোগ করার অনুরোধ জানানো হয়েছে।