বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে খালি আসনে স্পট ভর্তি কার্যক্রম আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ডিন অফিসে উপস্থিত হয়ে প্রার্থীদের সাক্ষাৎকার বোর্ডে অংশ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে 'A', 'B' ও 'C' ইউনিটের অধীন বিভাগসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে যারা গত ২৫ ও ২৬ আগস্ট সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন কিন্তু এখনো কোনো বিষয়ে ভর্তি হতে পারেননি, তাদেরকে স্পট অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশ নিতে হবে।
আগামী ৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ডিন অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকার বোর্ডে অংশ নিতে হবে। সকাল ১১টার পর উপস্থিত শিক্ষার্থীরা এ প্রক্রিয়ায় বিবেচিত হবেন না। সাক্ষাৎকারের ভিত্তিতে আসন খালি থাকা সাপেক্ষে বিভাগীয় মেধাক্রম অনুযায়ী বিষয় বরাদ্দ দেওয়া হবে এবং একই দিন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তির জন্য শিক্ষার্থীদের সাক্ষাৎকার বোর্ড থেকে বিষয় বরাদ্দ স্লিপ, ভর্তি ফরম ও পে-স্লিপ সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। সঙ্গে আনতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি এবং চয়েস ফরমের প্রিন্টআউট। এছাড়া সাম্প্রতিক তোলা দুই কপি রঙিন ছবি দিতে হবে।
ডিন অফিসে ভর্তি ফরম জমা দেওয়ার পর শিক্ষার্থীদের মূল কাগজপত্রসহ বিভাগীয় চেয়ারম্যানের কাছে কাগজ যাচাই করতে হবে। পরে আবেদনপত্র ও পে-স্লিপ নিয়ে নির্ধারিত ব্যাংকে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ১৫০ টাকা। তবে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ল্যাব ফি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত যুক্ত হবে। পাশাপাশি, বিভাগীয় উন্নয়ন ফি সংশ্লিষ্ট বিভাগে আলাদাভাবে জমা দিতে হবে।