যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মেধা তালিকার ভিত্তিতে মোট ২ হাজার ৭৮০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৬৯ জন এবং সাধারণ গ্রেডে ২ হাজার ৪১১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। ফলাফলের এ তথ্য বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮২ জন, মানবিক বিভাগে ৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৩ জন রয়েছে।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা ৪ দশমিক ৮০ পয়েন্ট বা তার বেশি পেয়েছেন, তাদের আবেদন যাচাই-বাছাইয়ের ভিত্তিতে বৃত্তি দেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্ত ট্যালেন্টপুল শিক্ষার্থীরা বছরে ১ হাজার ৮০০ টাকা এবং সাধারণ গ্রেডে নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ৭৫০ টাকা পাবেন। এই সুবিধা তিন থেকে চার বছর পর্যন্ত বহাল থাকবে।
বৃত্তির গেজেটে শিক্ষার্থীর প্রতিষ্ঠান নাম উল্লেখ থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের সার্টিফিকেটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করতে পারবেন। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড উভয় শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়ার সুযোগও পাবেন।
শিক্ষা বোর্ড স্পষ্ট জানায়, অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন দাবি করতে পারবে না। যদি এমন ঘটনা ঘটে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে বৃত্তি বিতরণে ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। অন্যথায় তারা বৃত্তির সুবিধা ভোগ করতে পারবেন না।