ময়মনসিংহ বোর্ডে ২০২৫ সালের এসএসসিতে মেধা ও সাধারণ বৃত্তি ঘোষণা

ময়মনসিংহ বোর্ডে ২০২৫ সালের এসএসসিতে মেধা ও সাধারণ বৃত্তি ঘোষণা

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের জন্য মোট ১৬২ জন ট্যালেন্টপুল (মেধা) এবং ১৩৮২ জন সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে। ফলাফলের এ তথ্য বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ সফিউদ্দিন সেখের স্বাক্ষরিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃত্তি সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা শুধুমাত্র সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে বৃত্তির সুবিধা ভোগ করতে পারবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রতিষ্ঠান বেতন দাবি করতে পারবে না; অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


ট্যালেন্টপুল শিক্ষার্থীরা মাসিক ৬০০ টাকা এবং এককালীন ৯০০ টাকা বৃত্তি পাবেন। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসিক বৃত্তি ৩৫০ টাকা, এককালীন ৪৫০ টাকা। বৃত্তির মেয়াদ দুই বছর, যা চলতি কোর্স সমাপনী পর্যন্ত বহাল থাকবে।


মেধা তালিকা জিপিএ-এর ভিত্তিতে (চতুর্থ বিষয় ব্যতিত) এবং মেধাক্রম অনুযায়ী তৈরি করা হয়েছে। একই জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি ও অন্যান্য বিষয় থেকে ক্রমানুসারে মেধা নির্ধারণ করা হয়েছে।


শিক্ষার্থীরা G2P পদ্ধতিতে ব্যাংকের মাধ্যমে বৃত্তি উত্তোলন করবেন। বৃত্তি বিতরণ, স্থানান্তর এবং সংশোধনের ক্ষেত্রে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



Advertisement
Home