২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবারের ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীরা মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টের পরিবর্তে টেলিটক থেকে সংগৃহীত অনলাইন নম্বরপত্র জমা দেবেন। পরবর্তীতে মূল ট্রান্সক্রিপ্ট প্রাপ্তির পর কলেজ কর্তৃপক্ষ তা গ্রহণ করবে।
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি প্রক্রিয়াকে দ্রুত ও স্বচ্ছ রাখতে শিক্ষার্থীরা টেলিটক থেকে সংগৃহীত নম্বরপত্র ব্যবহার করবেন। ভর্তি ফরমের সঙ্গে যথাযথভাবে নম্বরপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ভর্তি ফি প্রদান নিশ্চিত করতে হবে।
মূল ট্রান্সক্রিপ্ট প্রাপ্তির পর তা কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা নিশ্চিত করবেন যে শিক্ষার্থীরা সকল প্রয়োজনীয় তথ্য, নম্বরপত্র এবং ভর্তি ফি যথাযথভাবে জমা দিয়েছেন। কোনো ভুল বা অনুপস্থিতি থাকলে সংশোধনের দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের।
উল্লেখ্য যে, পূর্ববর্তী বছর পর্যন্ত শিক্ষার্থীদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট সরাসরি জমা দেওয়া বাধ্যতামূলক ছিল।