ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের অর্থায়নে ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষকদের নিয়ে বিভাগভিত্তিক স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন ধাপে আয়োজিত এ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বরিশাল ও খুলনা বিভাগের জন্য খুলনার তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসায়, ২৭ সেপ্টেম্বর রাজশাহী ও রংপুর বিভাগের জন্য বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে এবং ৪ অক্টোবর চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য কক্সবাজার হাসেমিয়া কামিল মাদরাসায় কোর্স অনুষ্ঠিত হবে।
যোগ্য প্রার্থীরা হতে হবে ফাজিল বা কামিল মাদরাসার শিক্ষক, ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী এবং বয়স ২৫ বছরের ঊর্ধ্বে। নাম প্রেরণের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৫। প্রার্থীদের মনোনয়নপত্র রেজিস্ট্রার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি বা ই-মেইলে (roverscoutsbd.iau@gmail.com
) পাঠাতে হবে।
কোর্সে অংশগ্রহণকারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে উপস্থিত থাকতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খাবারের ব্যবস্থা করবে তবে যাতায়াত খরচ নিজ নিজ প্রতিষ্ঠান বা রোভার স্কাউটস তহবিল থেকে বহন করতে হবে। অংশগ্রহণকারীদের ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি এবং ৫০ টাকা খাতা বাবদ মোট ৩৫০ টাকা জমা দিতে হবে। তবে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো রোভার স্কাউট লিডার এ কোর্সে অংশ নিতে পারবেন না।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও রোভার স্কাউটস সদস্য জনাব মিজানুর রহমানের (মোবাইল: ০১৭১২৪১৭১৭৭) সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।