২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ রোববার ০৭ সেপ্টেম্বর ২০২৫ । স্ব-স্ব কলেজে গিয়ে ফি জমা দিয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ভর্তির কার্যক্রম ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
জানা গেছে, একাদশে ভর্তির https://xiclassadmission.gov.bd/ এই পোর্টালে লগইন করে সর্বশেষ মাইগ্রেশনের ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ভর্তির জন্য নির্বাচন-মাইগ্রেশন ফলের পিডিএফও https://xiclassadmission.gov.bd/ এই পোর্টালে লগইন করে ডাউনলোড করা যাবে।
এর আগে একাদশ শ্রেণির ভর্তিতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। এ ধাপেও কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হননি ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯৫ জন।
এদিকে ভর্তি নীতিমালা অনুযায়ী, তিন ধাপে আবেদনের শেষ হওয়ার পর দেখা গেছে, সারাদেশের ৩৭৬টি কলেজ ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। এছাড়া ১৬টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হওয়ার আগ্রহই দেখাননি।
একাদশে ভর্তির নীতিমালায় ভর্তিতে সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনের ননএমপিও কলেজগুলো এ হারে ভর্তি ফি নিতে পারবেন। আর ঢাকা মেট্রোর বাংলা ভার্সনের ননএমপিও কলেজগুলো একাদশে ভর্তিতে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নিতে পারবেন।