প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল থাকবে। তবে শিক্ষা ক্যালেন্ডারের অন্যান্য অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে এনে ক্লাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫, সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, প্রাথমিক শিক্ষায় সাক্ষরতা নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের জন্য ক্লাসের সময় বাড়ানো জরুরি। বর্তমানে বছরে ৩৬৫ দিনের মধ্যে বিদ্যালয় খোলা থাকে মাত্র ১৮০ দিন, যা মানসম্মত শিক্ষা অর্জনে বড় বাধা।
তিনি বলেন, “আমাদের অনেক অপ্রয়োজনীয় ছুটি ক্যালেন্ডারে রয়ে গেছে। এগুলো কমিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। তবে সাপ্তাহিক দুদিন ছুটি পরিবর্তন করা আপাতত সম্ভব নয়, কারণ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে একই নিয়মে চলতে হয়।”
সাপ্তাহিক ছুটি একদিন করার প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষকরা ভ্যাকেশন ডিপার্টমেন্টে আছেন। নন-ভ্যাকেশন ডিপার্টমেন্টে গেলে সরকারের আর্থিক সংশ্লেষের বিষয়ও আছে। তাই এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ক্যালেন্ডারে বিদ্যমান ছুটি কিছুটা কমানো হবে।”
কোন কোন ছুটি কমানো হবে তা শিগগিরই জানানো হবে বলেও জানান তিনি।