আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতসহ সব প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে।
আজ রবিবার (০৭ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। এছাড়া শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যরা পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারবে। অন্য কোনো যানবাহন প্রবেশের অনুমতি পাবে না।
এসময় ক্যাম্পাসে চলাফেরার সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি যেসব পরিবারের সদস্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নন, তারা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে প্রক্টর অফিস থেকে বিশেষ নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।