ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে দুইটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসারকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল হলেও অভিযোগকারী ভোটার বিষয়টি বুঝতে পেরেছেন। তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে।
এদিকে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে আগে পূরণ করা একটি ব্যালট অন্য এক ভোটারকে দেওয়ার অভিযোগ ওঠে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে।
সীমা আক্তারের পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও অপর এক এজেন্ট জানান, শুরুতে একজন ভোটারকে ভুলবশত দুটি ব্যালট দেওয়া হয়। ওই ভোটার দুটি ব্যালটই পূরণ করে একটি ব্যালট বাক্সে জমা দেন এবং অন্যটি টেবিলে রেখে যান। পরবর্তীতে আরেকজন ভোটারকে সেই পূরণ করা ব্যালট দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ভোটার সেটি ফেরত দেন।
পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী ঘটনাটি স্বীকার করে জানান, এটি অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে।