ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানিয়েছেন, রাত ১১টা বা ১২টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়েছে। রিটার্নিং অফিসার বলেন, “৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাত ১১টা বা ১২টার মধ্যে ফলাফল প্রকাশ হবে।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট হয়েছে। ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯,৮৭৪ জন। পাঁচটি ছাত্রীর হলে ১৮,৯৫৯ ভোটার, ১৩টি ছাত্র হলে ২০,৯১৫ ভোটার উপস্থিত ছিলেন।
মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এই পদগুলোতে ভোটের লড়াইয়ে অংশ নিয়েছেন ১,০৩৫ জন প্রার্থী। এবারের ডাকসু ভোটে অন্তত ১০টি প্যানেল এবং কিছু স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছেন।