পাল্টাপাল্টি অভিযোগে নাটকীয়তায় ডাকসু নির্বাচন

পাল্টাপাল্টি অভিযোগে নাটকীয়তায় ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট প্রক্রিয়ায় অব্যবস্থাপনা এবং প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তুলেছেন কয়েকটি প্যানেলের হেভিওয়েট প্রার্থীরা।


স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা জানিয়েছেন, তাদের পোলিং এজেন্টদের ভুলভাবে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, “যেসব এজেন্টদের আমরা মেয়েদের হলে দিয়েছি, তাদের ছেলেদের হলে দেওয়া হয়েছে, আর যাকে ছেলেদের হলে দিয়েছি তাকে মেয়েদের হলে পাঠানো হয়েছে। প্রশাসন সকালে সমাধান করবে বললেও করেনি।”


ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ অভিযোগ করেন, "টিএসসি কেন্দ্রে রোকেয়া হলের এক শিক্ষার্থী ভোট দিতে গিয়ে দেখেন, তার ভোট আগেই সাদিক কায়েম ও এস এম ফরহাদকে দেওয়া হয়ে গেছে।"


ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেছেন, তাদের পোলিং এজেন্টকে সরিয়ে ছাত্রদলের এজেন্টকে সুবিধা দেওয়া হয়েছে। তিনি বলেন, “এ ধরনের আচরণ সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং প্রশাসনের নীরব ভূমিকা দুঃখজনক।”


বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদেরও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে ছাত্রদলকে নির্বাচনে সুবিধা দিচ্ছে।


চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন অভিযোগগুলোকে খারাপ বোঝাবুঝি বা আংশিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “শিক্ষার্থীরা স্বতস্পূর্তভাবে ভোট দিচ্ছে এবং বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। দুটি কেন্দ্র থেকে যে অভিযোগ এসেছে তার একটিতে ভুল বোঝাবুঝি হয়েছে, অন্যটিতে ব্যবস্থা নেয়া হয়েছে।”



Advertisement
Home