রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-বিজ্ঞান অনুষদে জুলাই ২০২৪ - জুন ২০২৫ শিক্ষাবর্ষে এম.এস. প্রোগ্রামে বহিরাগত শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এ.এইচ.এম. সেলিম রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে শূন্য আসনে বহিরাগত শিক্ষার্থী ভর্তি করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট থেকে ভূগোল ও পরিবেশবিদ্যা এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা সম্পর্কিত বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ন্যূনতম সিজিপিএ থাকতে হবে ৩.০০ (৪-এর মধ্যে) এবং স্নাতক ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন ফি ১,০০০ টাকা এবং আবেদনপত্র আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ভূ-বিজ্ঞান অনুষদ অফিসে জমা দিতে হবে। প্রার্থীদের ৯ অক্টোবর ২০২৫ তারিখে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা ভূ-বিজ্ঞান অনুষদে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষার ফলাফল সেদিন বিকাল ৩টায় প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের একই দিনে সাক্ষাৎকার নিতে হবে।
চূড়ান্ত মেধা তালিকা সাক্ষাৎকার শেষে প্রকাশ করা হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় হতে সংগৃহীত মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় পরিবর্তন, পরিমার্জন বা বাতিলের ক্ষমতা অনুষদ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।