ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় দীর্ঘ সময় লাগার কারণ ব্যাখ্যা করেছেন উদয়ন স্কুল কেন্দ্রের কেন্দ্রপ্রধান অধ্যাপক এস এম শামীম রেজা।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক শামীম রেজা জানান, উদয়ন স্কুল কেন্দ্রে চারটি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। ফলে ব্যালট যাচাই-বাছাই ও প্রক্রিয়াজাত করতে বেশি সময় লাগছে। তিনি বলেন, “প্রথমে হল সংসদের ব্যালটগুলো যাচাই করা হচ্ছে। ডাকসুর ব্যালটগুলোর মধ্যে একটি ব্যালটের স্ক্যানিং শেষ হলেও গণনা শুরু হয়নি। এখনো স্ক্যানিং পর্যায়ে কাজ চলছে।”
তিনি আরও জানান, ব্যালট প্রক্রিয়াজাতকরণে সময় লাগলেও এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়। প্রযুক্তি বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বরাতে তিনি বলেন, প্রক্রিয়াটি পরীক্ষামূলকভাবে স্যাম্পল ম্যাপ তৈরি, ম্যানুয়াল যাচাই এবং বারবার প্রযুক্তিগত পরীক্ষার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। এজন্য সময় বেশি লাগছে এবং মাঝরাত পার হতে পারে।
ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এর পর সব ব্যালট বাক্স কেন্দ্রীভূত স্থানে আনতে ও বিভিন্নভাবে দেওয়া ব্যালটগুলো আলাদা করে প্রক্রিয়াজাত করতে অতিরিক্ত সময় লেগেছে বলে জানান কেন্দ্রপ্রধান।
এবারের ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫ জন।
মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।