ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে কার্জন হল ভোটকেন্দ্রের তিনটি হলে সর্বোচ্চ ভোট পেয়েছেন আবু সাদিক কায়েম। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রেও তিনিই শীর্ষে রয়েছেন।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত দেড়টার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
কার্জন হল ভোটকেন্দ্রে অমর একুশে হল, ফজলুল হক হল ও শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা ভোট দেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, অমর একুশে হলে ভিপি পদে সাদিক কায়েম পান ৬৪৪ ভোট। অন্যদিকে আবিদুল ইসলাম ১৪১, উমামা ফাতেমা ৯০, শামীম হোসেন ১১১, আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন।
ফজলুল হক হলে ভিপি পদে সাদিক কায়েমের প্রাপ্ত ভোট ৮৪১। আবিদুল ইসলাম পান ১৮১, উমামা ফাতেমা ১৫৩, শামীম হোসেন ১৪১, আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা পান ৬ ভোট।
শহীদুল্লাহ হলে ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬ ভোট পান। আবিদুল ইসলাম ১৯৯, উমামা ফাতেমা ১৪০, শামীম হোসেন ১৬১, আবদুল কাদের ৫৬ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পান।
কার্জন হল কেন্দ্রের মতো ভূতত্ত্ব বিভাগ ভোটকেন্দ্রেও সর্বোচ্চ ভোট পেয়েছেন সাদিক কায়েম। এ কেন্দ্রে তিনি পান ১ হাজার ২৭০ ভোট। তার পরে আছেন উমামা ফাতেমা ৫৪৭, শামীম হোসেন ৪৮৫, আবিদুল ইসলাম ৪২৩ ও আবদুল কাদের ৫৫ ভোট।